
নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সাকিব ও চাঁদনী খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শুরুতে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলের আলামত ও সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।