
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়াবাড়ি সমিতির ঘাট এলাকায় পানিতে ডুবে রায়হান মীর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মীর দিঘলিয়া ইউনিয়নের আকড়াবাড়ি গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের সমিতির ঘাটে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় রায়হান। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা পানিতে নেমে প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর দেখা যায়, সে আর বেঁচে নেই। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা এড়ানো সম্ভব হয়।