নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিস মোড়ের খৈনমর্দী এলাকায় প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাজ্জাদ ভুঁইয়া নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, খৈনমর্দী গ্রামের ডাঃ আমিরের মেয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সাজ্জাদ ভুঁইয়ার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার দাবি করেছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরও দ্রুত গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে এলাকাবাসীও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে প্রেমিকা পক্ষের সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে প্রধান অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় তারা।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।